সারা দেশে সড়কে প্রাণ গেল ১৪ জনের 

সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের চকরিয়ায় চারজন, নেত্রকোনায় চার, ফেনীর ছাগলনাইয়ায় এক, রাজবাড়ীতে এক, গোপালগঞ্জের মুকসুদপুরে এক, বেনাপোলে এক, মুন্সীগঞ্জের গজারিয়ায় এক এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজ শিক্ষার্থীসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- 

কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী এসি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নেত্রকোনা: জেলার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি পিকআপভ্যান। বিপরীত দিক থেকে আসছিল সারবোঝাই ওই ট্রাক। পূর্বধলার নারান্দিয়া এলাকায় ওই দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, হতাহতদের পরিচয় যাচাইয়ে কাজ চলছে।

ফেনী : জেলার ছাগলনাইয়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামে এক পথচারী কারখানায় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে আরও একজন আহত হন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল দাস নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দাসেরহাট ইউনিয়নের চর ঈশ্বর রায় গ্রামের মতিলাল দাসের ছেলে। তিনি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জের পিএইচপি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মাইক্রোবাস জব্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজবাড়ী: রাজবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পলাশ প্রামানিক (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া ফিরোজ কাজীর পুকুর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পলাশ প্রামানিক সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জৎকোল গ্রামের আরজু প্রামানিকে ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় নিহতের ব্যবহৃত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে । পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) আজাদুর রহমান জানান, মোটরসাইকেল করে রেজাউল আলম মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় দিগনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

যশোর: জেলার বেনাপোলে লোহার গ্রিল বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্প্রতিবার দুপুরে ভবেরবেড় এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের অপর আরোহী ফজলু রহমান ও ভ্যানচালক আলী কদর নামে দুজন আহত হন।

ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলার ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন জানান, বেনাপোলে বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়ায় লং হেভিকেলের ধাক্কায় মো. আশরাফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উশিয়া মানা বে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান মুয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান মুয়াজ রাজধানীর খিলগাও থানাধীন গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস জানান, বৃহস্পতিবার পরীক্ষা থাকায় মাহমুদুল হাসান মুয়াজ নিজ বাসা রাজধানীর গোড়ান থেকে মোটরসাইকেল নিয়ে নরসিংদী সরকারি কলেজের উদ্দেশে বের হন। তিনি রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করার সময় তার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মুয়াজ মারা যান।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।