ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কারখানার শ্রমিক নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামে এক পথচারী কারখানায় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে আরও একজন আহত হন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল দাস নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দাসেরহাট ইউনিয়নের চর ঈশ্বর রায় গ্রামের মতিলাল দাসের ছেলে। তিনি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জের পিএইচপি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ সময় কাভার্ডভ্যানটি জুয়েলকে চাপা দেওয়ার পর ওই ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষায় থাকা একটি মাইক্রোবাসেও ধাক্কা দেয়। এতে ওই মাইক্রোবাসের চালক আহত হন। তার নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মাইক্রোবাসের চালক ও পথচারীকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পথচারীকে মৃত ঘোষণা করেন। আহত চালক এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মাইক্রোবাস জব্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত