এলএনজি সরবরাহ বন্ধ করেছে সামিট

সাগর উত্তাল থাকায় সামিট এলএনজি টার্মিনালে কার্গো ভিড়তে পারেনি। টার্মিনালে থাকা এলএনজি ফুরিয়ে গেলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে সরবরাহ বন্ধ করে দিতে হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা হয়েছে। পরে বৈরী আবহাওয়ার কারণে টার্মিনালের সঙ্গে ধাক্কা লেগে এলএনজি বহনকারী জাহাজটি দুর্ঘটনায় পড়ার আশঙ্কা তৈরি হয়। এ জন্য সেটি সরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে ঘাটতি সামাল দিতে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল দিয়ে প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সাগরের পরিস্থিতি স্বাভাবিক হলে সামিটের টার্মিনালে আবারও এলএনজি খালাস ও সরবরাহ শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দুটি টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এখন তা ১৯০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। সাগরের পরিস্থিতি স্বাভাবিক না হলে গ্যাস সংকট আরও দীর্ঘ হতে পারে বলে মনে করা হচ্ছে।