কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে এক রাতে পাঁচ মাদক কারবারি ও তিন মাদকসেবী সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে তিনজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মুরাদনগর উপজেলা সদরের মধ্যপাড়ার মোঃ তকদির এর ছেলে মোঃ রাব্বি(২৮), পায়ব গ্রামের (আনু মেম্বারের বাড়ি) মৃত কামাল হোসেন জসিমের ছেলে মোঃ জাকারিয়া আহমেদ হৃদয়(২৫), শুশুন্ডা গ্রামের নতুন বাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ইকবাল হাসান(২০), জাহাপুর মধ্যপাড়ার মনির হোসেনের ছেলে কাউসার সরকার(১৯), যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মৃত কিরণ এর স্ত্রী সুখি (৩০), নবীপুর পশ্চিম ইউনিয়নের ত্রিশ গ্রামের মোঃ নাছির মিয়ার ছেলে মোঃ আমান উল্লাহ (২৫), একই গ্রামের হযরত আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৯) ও মোঃ হারুন মিয়ার ছেলে মোঃ ফারুক (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. আরকানুল ইসলামের নের্তৃত্বে সঙ্গীয় অফিসার এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া ও এএসআই আব্দুল নেওয়াজ তানজিদ সহ পুলিশের একটি বিশেষ টিম মাদক উদ্ধার অভিযান চালিয়ে জাহাপুর ইউনিয়নের পায়ব গ্রাম থেকে ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১১,০৪০ টাকা সহ মাদক কারবার মো. রাব্বি, মো. জাকারিয়া আহমেদ হৃদয়, ইকবাল হাসান ও কাউসার সরকারকে গ্রেপ্তার করে।
অন্যদিকে একই রাতে, এসআই মো. কামরুজ্জামান এর নের্তৃত্বে পুলিশের একটি টিম যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের পাকা রাস্তা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি সুখি নামে এক নারীকে গ্রেপ্তার করে।
এছাড়াও মাদক সেবনের অপরাধে মো. আমান উল্লাহ , মো. রফিকুল ইসলাম ও মো. ফারুক কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মুরাদনগর থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
মাদকবিরোধী এমন জোরালো ও সফল অভিযানে একই রাতে একাধিক মাদক কারবারি ও মাদকসেবীকে আটকের ঘটনায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন।