সন্দ্বীপ

জোয়ারে ভেসে এলো হাত-পা-মাথাবিহীন মরদেহ

চট্টগ্রামের সন্দ্বীপে জোয়ারের পানিতে ভেসে এসেছে হাত-পা ও মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ।  উপজেলার মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে সন্দ্বীপে বেড়িবাঁধ সংলগ্ন এলাকা স্থানীয় কয়েকজন একটি মরদেহ ভাসতে দেখে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, মরদেহটি কোথা থেকে ভেসে এসেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।

তিনি জানান, মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।