ভালুকায় হার্ডওয়ার দোকানে ভয়াবহ আগুন

ময়মনসিংহের ভালুকায় কাইয়ূম র্মাকেটে মায়ের দোয়া এন্টার প্রাইজ নামে খালেদ হাসানের হার্ডওয়ার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভালুকা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ফুটওভার ব্রিজের সন্নিকটে কায়ূম মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

দোকান মালিকের খালেদ হাসান জানান, আগুনে হার্ডওয়ার দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।