যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সহোদর বোনও রয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বাঘারপাড়া উপজেলা ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো— জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০), একই গ্রামের নিছার আলী মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। এক পর্যায়ে তারা তিনজন ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের প্রতিবেশী চাচা মাহবুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে তারা গোসল করতে যায়। পরে তাদের খোঁজখবর না পেয়ে তাদের দাদি লোকজন নিয়ে পুকুরে গিয়ে দেখেন সিঁড়ির নিচে তারা ভাসছে। এসময় দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ওই পুকুরটিতে লোকজন কম যায়। যারা গোসল করতে যায়, তারা গোসল করে চলে যায়।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান, ১২টা ৫০ মিনিটে হাসপাতালে তিন শিশুকে আনা হয়। তাদের হার্টবিট ছিলনা। চোখ বড় হয়ে যায়। ইসিজি পরীক্ষা করে দেখা যায় শরীরে প্রাণের চিহ্ন নেই।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পুকুরটি মৃত শিশু ফাহিমাদের। সেটি এক রকমের পরিত্যক্ত ছিল। সেখানে লোকজন তেমন একটা গোসল করতে যায় না। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীপুরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার