রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দুই তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে রঞ্জিত চন্দ্র সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। আটক রঞ্জিত চন্দ্র সরকার গাজীপুরের একটি গার্মেন্টসে কর্মরত বলে জানা গেছে।
ভুক্তভোগী দুই তরুণী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, মেট্রো ট্রেন থেকে নামার সময় স্টেশনের সিঁড়িতে ওই দুই তরুণীর গোপন ভিডিও ধারণ করছিলেন রঞ্জিত। বিষয়টি তরুণীদের নজরে পড়লে তারা প্রতিবাদ করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
এ সময় অভিযুক্তের হাতে থাকা মোবাইল ফোনে ওই দুই তরুণীর ধারণ করা ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত রঞ্জিত চন্দ্র সরকার কুমিল্লা জেলার সদর থানার শুভপুর গ্রামের প্রহল্লাদ চন্দ্র সরকারের ছেলে। অভিযুক্ত রঞ্জিত চন্দ্র সরকার পেশায় একজন গার্মেন্টস শ্রমিক বলে জানা যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।