রাজধানীর বাড্ডা থানাধীন আফতাব নগরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে গোলাগুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামের এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বাড্ডা আফতাবনগর ব্লক- এম, সেক্টর- ৫, স্ট্যান্ড হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ডিএমপি গোয়েন্দা পুলিশের (ডিবি) শুলশান জোনের পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার হোসেন জানান, দুইদিন আগে হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগ। সেই চক্রের বাকিদের ধরতে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় তাদের একটি ইউনিট। তখন তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি ছোড়ে। পাল্টা গুলি ছোড়লে আহত হয় পাভেল নামে ওই ডাকাত সদস্য। সঙ্গে থাকা ২-৩ জন পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তার ডান পায়ে শটগানের ছড়া গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।