গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, চাঁদাবাজির দখলদার বন্ধের দাবিতে গণসমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে। তিনি বলেন, এই সরকারকে আমরা একটি প্রতারক সরকার বলতে পারি। একটি বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। যারা এই দেশের জনগণের সঙ্গে, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে, হাজারো শহিদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গ্যাস-বিদ্যুতের জন্য কলকারখানা, শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এসব পরিস্থিতির পরিবর্তন করতে না পারলে আমরা সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তোমাদের (বিএনপি) ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়। এনসিপির আহ্বায়ক বলেন, মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস জানি।