এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের কাছে দীর্ঘশ্বাসের অপর নাম হয়ে উঠেছিল অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট। বছরের পর বছর অপেক্ষা আর নানা জায়গায় ধরনা দিয়েও যথাসময়ে মেলেনি অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা। অবশেষে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। শিক্ষা সচিব বলেন, ইতিহাসে এই প্রথম এক সঙ্গে এত সংখ্যক শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণের টাকা দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় ও নির্দেশনায় এই টাকা দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী। এর আগে প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক ও কর্মচারীকে টাকা দেওয়ার পরিকল্পনা থাকলেও আবেদনকারীর সংখ্যা বাড়ায় তা ১ লাখ ২৩ হাজার করা হয়েছে। কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম ধাপে শিক্ষক কর্মচারীরা পাবেন ২ লাখ ৩৯ হাজার টাকা। এরপরও কারও বকেয়া থাকলে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান শেষে শনিবার একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের এই অর্থ পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ৬৪টি জেলায় একযোগে ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা শিক্ষকদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে যাচ্ছি।
জানা গেছে, সরকারের নির্দেশনার পর দিনরাত কাজ করে অবসর ও কল্যাণ সুবিধার আওতায় থাকা শিক্ষক-কর্মচারীদের তথ্য চেক করে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন দায়িত্বপ্রাপ্তরা। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক আজ অনুষ্ঠান থেকে একযোগে যাতে দেশের সব শিক্ষক-কর্মচারীরা টাকা পেতে পারেন সে বিষয়ে নির্দেশনা ও তদারকি করছেন। গতকাল শুক্রবার বন্ধের দিনেও শিক্ষা মন্ত্রণালয়, অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্রে জানায়, ফান্ড সংকটের কারণে শিক্ষক-কর্মচারীদের আংশিক টাকা দেওয়া হবে। অবসর ও কল্যাণ ট্রাস্ট মিলিয়ে প্রতি আবেদনকারী অন্তত ৫ লাখ টাকা পাবেন। তবে এই পরিমাণ বাড়তে বা কমতে পারে। একসঙ্গে সব টাকা দেওয়া হলে সর্বোচ্চ ১০ হাজার আবেদনকারীকে পুরো টাকা দেওয়া সম্ভব হতো। যেন সবাই উপকৃত হন, সেই বিবেচনায় এবারে আংশিক দেওয়া হচ্ছে।