রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাবের দাবি, চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর কোতোয়ালি থানার রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আব্দুল খালেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকানে ঢুকে রাব্বীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে রাব্বী দোকানের ভেতরে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে ঢুকে তার ওপর হামলা চালায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।