নেত্রকোনার কলমাকান্দায় কবরস্থানের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সীমান্ত রংছাতি ইউনিয়নের আমগড়া ও উল্লাপাড়া গ্রামের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমগড়া সার্বজনীন কবরস্থানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে আমগড়া ও নল্লাপাড়া গ্রামে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে দুই গ্রামের মানুষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রামের মানুষ লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় দুই গ্রামের ৫৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুপুর ১টা পর্যন্ত আমগড়া এলাকায় সংঘর্ষে ৫৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে আহতদের চিকিৎসা কার্যক্রম চলছে।
কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।