তালতলীতে নতুন প্রাণ কৃষির

বরগুনার তালতলী উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকটের স্থায়ী সমাধান হয়েছে। হাজারো কৃষক এই সমাধানে স্বস্তি পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী খাল পুনর্খনন কর্মসূচির আওতায় উপজেলার বড়বগী ও বড় ভাইজোড়া খালের প্রায় ৫ কিলোমিটার পুনর্খননের পর বদলে যেতে শুরু করেছে স্থানীয় কৃষির চিত্র। খালে ফিরেছে পানিপ্রবাহ, কমেছে জলাবদ্ধতা; পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা পাওয়ার সম্ভাবনায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আশাবাদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির’ আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বড়বগী ও বড় ভাইজোড়া খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার খাল পুনর্খনন করা হয়েছে। বড়বগী ইউনিয়নের ছাতনপাড়া এলাকার মোশাররফ হোসেন খানের বাড়ি থেকে খননকাজ শুরু হয়ে খাজুরা কালভার্ট অতিক্রম করে ছোটবগী ইউনিয়নের বলের তবক এলাকার ওয়াজেদ কমিশনারের বাড়ি পর্যন্ত প্রকল্পটি বিস্তৃত।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতো। এতে বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গিয়ে ফসল নষ্ট হতো। আবার শুষ্ক মৌসুমে সেচের পানির তীব্র সংকটে কৃষকদের এক ফসলের ওপর নির্ভর করতে হতো। পাশাপাশি যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতেও ভোগান্তি পোহাতে হতো।

খাল পুনর্খননের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হওয়ায় জলাবদ্ধতা কমেছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে খালের পানি সেচকাজে ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় একই জমিতে দুই থেকে তিনটি ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। খালের দুই পাশে রাস্তা ও বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ায় কৃষিপণ্য পরিবহন, যোগাযোগ ও পরিবেশের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

স্থানীয় কৃষক জব্বার শরীফ, মোয়াজ্জেম মৃধা, রিপন মৃধা ও দুলাল হাওলাদার বলেন, আগে সেচের পানির জন্য অনেক কষ্ট করতে হতো। বর্ষায় আবার পানিতে ফসল নষ্ট হতো। এখন খাল পুনর্খনন হওয়ায় আমাদের সেই দুর্ভোগ অনেকটাই কমেছে। সেচ সুবিধা নিশ্চিত হলে বছরে দুই থেকে তিনবার ফসল উৎপাদন করা সম্ভব হবে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি আমাদের আয়ও বাড়বে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর দেশব্যাপী খাল পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনর্খনন করা হয়েছে। এ উদ্যোগ কৃষি ও মৎস্যসম্পদ বৃদ্ধি, পানি নিষ্কাশন এবং জীববৈচিত্র্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি খালের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব সবুজ বলয় তৈরি করা হচ্ছে।