মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরের আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে বসতঘর থেকে মা ও ৪ বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী কনিকা আক্তার (২২) ও তাদের ৪ বছরের মেয়ে রাজিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক থেকে ৬ বছর আগে রাজীব ও কনিকার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত বৃহস্পতিবার রাতে রাজীব হোসেন সিলেটে বেড়াতে যান। শুক্রবার সকালে কনিকা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। পথে শ্বশুর নাজিম উদ্দিন ও শাশুড়ি তাকে বাবার বাড়িতে যেতে বাধা দেন এবং স্বামীর না আসা পর্যন্ত নিজ বাসায় থাকতে বলেন। বাড়িতে ফিরেই কনিকা মেয়েকে নিয়ে বসতঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশু রাজিয়ার চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে দরজা ভেঙে কনিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। একই ঘরের মেঝেতে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।