নৌকায় বসে জুয়া খেলা

পুলিশ ভেবে তুরাগে ঝাঁপ, দুই দিন পর ভেসে উঠল লাশ

গাজীপুরে তুরাগ নদে নৌকায় বসে জুয়া খেলার সময় পুলিশের উপস্থিতি ভেবে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন পর গতকাল শুক্রবার সকালে মহানগরীর কড্ডা এলাকায় তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোয়াজ্জেম হোসেন (৪৫) গাজীপুর মহানগরীর খালিশাবর্তা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তুরাগ নদের কাউলতিয়া, কারখানা বাজার, কড্ডাসহ আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে একটি চক্র নৌকায় বসে জুয়া ও মাদকের আড্ডা চালিয়ে আসছে। গত বুধবার রাতে মোয়াজ্জেম হোসেনসহ চার-পাঁচজন তুরাগ নদে ট্রলারে বসে জুয়া খেলছিলেন। এ সময় অপর একটি ট্রলার তাদের কাছে এলে পুলিশ ভেবে তারা নদে ঝাঁপ দেন। পরে তিনজন তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়। দিনভর অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। গতকাল শুক্রবার ভোরে কড্ডা এলাকায় নদে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।