সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩ বছর আগে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণির ছাত্র মো. আশরাফুল ইসলামের নিখোঁজের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি মো. রফিকুল ইসলামকে (৫৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে সিআইডি।
সংস্থাটি জানায়, গত ১২ আগস্ট দুপুরে শাহজাদপুর থানার জামিরতা বাজার এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে সিআইডির সিরাজগঞ্জ জেলা ইউনিট। ২০২৩ সালের ৩১ আগস্ট নিখোঁজ হন আশরাফুল। এ ঘটনায় মায়ের দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। পরে তদন্ত কর্মকর্তা এসআই মো. আজমল হোসেন এজাহারনামীয় আসামি রফিকুলকে জিজ্ঞাসাবাদে আশরাফুলের নিখোঁজ হওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পায়। রফিকুল আশরাফুলকে যমুনা নদীর পাড়ে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ খাওয়ানোর পর নদীতে ফেলে দেওয়ার কথা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে নদীর স্রোতে আশরাফুলের মরদেহ ভেসে যায় বলে তিনি দাবি করেন। রফিকুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তবে ৩ বছর পর আশরাফুল নিখোঁজের রহস্য উদ্ঘাটনের দাবি করলেও তার মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি সিআইডি।