শীতলক্ষ্যায় স্রোতের টানে হাত ফসকে তলিয়ে গেল শিশু

রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে দাদার সঙ্গে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর নাম মো. ফাহাদ (১০)। সে সারুলিয়ার মো. ফারুক মিয়ার ছেলে।

গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির দাদা মো. জাহাঙ্গীর বলেন, দুপুরে নাতি ফাহাদকে নিয়ে নদীতে গোসল করতে নেমেছিলাম। আমরা একসঙ্গে পানিতে ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ স্রোতের টানে আমার হাত থেকে ছুটে ফাহাদ তলিয়ে যায়। অনেক চেষ্টা করেও ওকে ধরে রাখতে পারিনি। পরে স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর ফাহাদকে উদ্ধার করা হয়। আমি আমার নিজের হাতে নাতিকে মেরে ফেললাম।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।