মানুষ যদি মঙ্গলে যায়
তোমার জীবদ্দশায়
মানুষ যদি লাল গ্রহে তার
উপনিবেশ বসায়,
তুমিই হবে রকেটচালক,
নভোবৈজ্ঞানিক।
চাইছি সবাই তোমার নামে
জয়ধ্বনি দিক।
চালিয়ে নিয়ে পৌঁছে দেবে
নভোযাত্রীদের
সবাই তারিফ করবে তখন
তোমার সাহসের।
নামিয়ে দিয়ে ফিরবে তুমি
তোমার আকাশযানে
লাল থেকে ফের আসবে নেমে
নীল গ্রহটার টানে।
যাওয়ার সময় সঙ্গে নেবে
এই স্পেসস্যুটটাকে
নীলচে নভোপোশাকটিতে
মানাবে তোমাকে।
যেতে যেতে রকেট ক্রমেই
হয়ে যাবে ফিকে।
বাপ-মা তোমার থাকবে চেয়ে
দূর গ্রহটার দিকে।
মায়ের ভীষণ চিন্তা হবে
ছেলেটা যে ফিরবে কবে
এত দূরে অচিনপুরে
কী-জানি-কী হয়!
সফর শেষে ফিরে এসে
সাইরাসজি বলবে হেসে
আমি তোমার বীরপুত্র,
কীসের এত ভয়!