হতাম যদি নীল আকাশের একটি ধ্রুবতারা
হাজার পরী দিত যদি আলগোছে পাহারা
দুধের নহর
পরীর শহর
দেখতে পেতাম তবে
রোজ সকালেই ঘুম ভাঙত পরীর কলরবে
এমন হলে মাগো আমার কতই মজা হবে!
মা হেসে কয় আমার কাছে ধ্রুবতারাই তুই
তোকে আমি তারা ভেবে রোজ আদরে ছুঁই
বুকের মানিক
একটুখানিক
চোখের আড়াল হলে
অগ্নিলাভা জ¦লে তখন এই না বুকের তলে
শূন্যতাতে বুকটা আমার আগুন হয়ে জ¦লে।
আমি যদি সন্ধ্যাকাশের যাই হয়ে শুকতারা
মা ডাকলে আলতো স্বরে দিতাম তবে সাড়া
আমার স্বরে
মা’র অন্তরে
বাড়ত বিষাদ আরও
দুষ্টু ছেলে হারিয়ে গেছে দাও করে উদ্ধারও
মায়ের আদর আমার জন্য শ্রেষ্ঠ উপহারও।
মায়ের জন্য আমি যে হই নিত্য পাগলপারা
কাটে না তো একটু সময় মায়ের স্নেহ ছাড়া
চাই না হতে ভুলেও আমি রাতের ধ্রুবতারা।