টেকনাফে নয়াপাড়া ক্যাম্পে বিভিন্ন অপরাধে ২ আসামি গ্রেপ্তার

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এপিবিএন ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে দুই ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পের বিভিন্ন ব্লক ও সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়কের নির্দেশনায় এবং ক্যাম্প কমান্ডার পুলিশ পরিদর্শক কানন চৌধুরী ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তদারকিতে এপিবিএন ও জেলা পুলিশের ৪৫ সদস্য অভিযানে অংশ নেন। 

অভিযানে অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি, অপহরণকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে ক্যাম্পের আই ব্লক থেকে ওয়ারেন্টভুক্ত দুই রোহিঙ্গা আসামি আবু বক্কর সিদ্দিক হরফে পুতিয়া (২৮) এবং আবু বক্কর সিদ্দিককে (২৩) আটক করা হয়।

আটককৃত আবু বক্কর সিদ্দিক প্রকাশ পুতিয়ার বিরুদ্ধে কক্সবাজার সদর থানার মামলা নং-৫৫, ২৪ আগস্ট ২০২২ এবং আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে সিএমপি সদরঘাট থানার মামলা নং-৭/১৭১, ১৪ অক্টোবর ২০২১-এর ওয়ারেন্ট রয়েছে।

পরে আটককৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নয়া পাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে নোট করা হয়েছে।