ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী ম্যারাডোনার সতীর্থ

আর্জেন্টাইন ফুটবলের সোনালী যুগের অন্যতম তারকা ক্লদিও ক্যানিজিয়া আসছেন ঢাকায়। তিনবার বিশ্বকাপ খেলা এবং ডিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার মতো কিংবদন্তিদের সঙ্গে মাঠ মাতানো এই মহাতারকাকে বরণ করে নিতে রাজধানীতে আয়োজিত হতে যাচ্ছে এক জমকালো কনসার্টের।

লিংক থ্রি এবং অ্যাফোর্ডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে দুপুর ৩টা থেকে শুরু হবে এই বিশেষ সাংস্কৃতিক আয়োজন, যার নামকরণ করা হয়েছে ‘সকারামা’।

কিংবদন্তি ক্যানিজিয়ার ঢাকা সফর ও কনসার্ট নিয়ে ব্যান্ড দলগুলোর মাঝেও বইছে উন্মাদনার ঝড়। এ নিয়ে মিউজিক ব্যান্ড চিরকুট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে লেখে, ‘আর্জেন্টাইন সুপারস্টার ক্লদিও ক্যানিজিয়া, যিনি ১৯৯০ এবং ১৯৯৪ সালের বিশ্বকাপ কাঁপিয়েছিলেন, আগামী ১৮ আগস্ট ঢাকায় আসছেন। খেলোয়াড় হিসেবে তার মধ্যে কী দারুণ দৃঢ়তা এবং ক্যারিশমা ছিল! তার সম্মানে পারফর্ম করতে পেরে আমরা ভীষণ রোমাঞ্চিত। বিশ্ব ফুটবলের এই গৌরবময় আইকনকে উদযাপন করতে ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘সকারামা’ কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে চিরকুট লাইভ পারফর্ম করবে।’

১৯৯০ বিশ্বকাপে রোমানিয়ার বিপক্ষে ম্যাচ ম্যারাডোনা ও ক্যানিজিয়া, ছবি: সংগৃহীত 

এছাড়া আরেক জনপ্রিয় ব্যান্ড নেমেসিসও তাদের অফিশিয়াল পেজে ভক্তদের উদ্দেশে বলেছে, ‘একটি দারুণ মুহূর্ত আসতে চলেছে। একজন প্রিয় মানুষের সম্মানে, প্রিয় ব্যান্ডগুলোর সাথে। দেখা হচ্ছে আগামী ১৮ আগস্ট।’ 

ক্যানিজিয়ার এই বিশেষ আগমন উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের জন্য রাখা হয়েছে এক দারুণ চমক। কনসার্টে উপস্থিত থাকা ভাগ্যবান ১০০ জন দর্শক সরাসরি এই আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে কথা বলার, অটোগ্রাফ নেওয়ার এবং তার সঙ্গে ছবি তোলার সুবর্ণ সুযোগ পাবেন।