কোপা সুদামেরিকানার শিরোপা জয়ের উৎসবের মাঝেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। শনিবার কলম্বিয়ার বারানকিয়ায় আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে বোকা জুনিয়র্স চ্যাম্পিয়ন হওয়ার পরপরই লাইভ সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারান দলটির অধিনায়ক লিয়ান্দ্রো পারেদেস। তবে প্রিয় বন্ধু ও জাতীয় দলের সাবেক সতীর্থের এমন ঘটনায় উদ্বিগ্ন হওয়ার চেয়ে রসিকতাই বেশি করলেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া।
রবিবার রোজারিও সেন্ট্রালের হয়ে নিজ দলের জয়ের পর হিগান্তে দে আরোয়িতো স্টেডিয়ামের মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন ডি মারিয়া। সেখানেই পারেদেসের অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা নিয়ে নিজের মজার ব্যাখ্যা দেন এই উইঙ্গার।
ফাইনাল শেষ হতেই দীর্ঘদিনের বন্ধু পারেদেসকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন ডি মারিয়া। দুজনের কথোপকথন প্রসঙ্গে তিনি বলেন, "আমি ওকে মেসেজ পাঠিয়েছিলাম। ওর জন্য সত্যিই খুব খুশি হয়েছিলাম। আজীবনের বন্ধুরা যখন বড় কিছু অর্জন করে বা স্বপ্ন পূরণ করে, তখন দারুণ আনন্দ হয়। এরপর ওখানে কী হলো জানি না, ও অজ্ঞান হয়ে গেল! এটা নিয়ে আমরা দুজন বেশ হেসেছি। তবে আসল কথা হলো ও সুস্থ আছে এবং সতীর্থদের সাথে শিরোপা উৎসব করতে পেরেছে।"
পারেদেসের অজ্ঞান হওয়ার পেছনে নিজের 'তত্ত্ব' দিয়ে ডি মারিয়া হাসতে হাসতে বলেন, "আমার মনে হয় ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, ফাইনালের সব টেনশন একসাথে ওকে পেয়ে বসেছিল। তবে ও নিজেই বলেছে, মাঠে এত বেশি চক্কর (ভিক্টরি ল্যাপ) দিয়েছিল যে শেষ পর্যন্ত মাথা ঘুরে পড়ে গেছে।"
কী ঘটেছিল মাঠে?
ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট পর ডিস্পোর্টস-এর ক্যামেরার সামনে কথা বলছিলেন বোকা অধিনায়ক পারেদেস। পরিবারের সাথে এই জয় কীভাবে উপভোগ করছেন—সাংবাদিক মার্সেলো বেনেদেত্তোর এমন প্রশ্নের জবাবে পারেদেস কেবল বলতে পেরেছিলেন, "খুব খুশি, ভীষণ খুশি... যা অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাই সবাইকে ধন্যবাদ..."। এটুকু বলেই সরাসরি ক্যামেরার সামনে লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বোকা সমর্থকদের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়।
ডি মারিয়া বিষয়টি হালকাভাবে নিলেও এর পেছনে ছিল সুস্পষ্ট শারীরিক কারণ। ম্যাচের সময় বারানকিয়ার তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ। তার ওপর প্রথমার্ধ থেকেই অস্বস্তি বোধ করছিলেন পারেদেস। বোকা কোচ রোদোলফো আরুয়াবারেনা জানান, প্রথমার্ধের শেষ দিকেই মাথা ঘুরছিল পারেদেসের, যে কারণে ৫৮তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়।
ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাম্বুলেন্সে করে পারেদেসকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক আসে এবং চিকিৎসকরা জানান, অতিরিক্ত শারীরিক ক্লান্তি ও পানিশূন্যতার (ডিহাইড্রেশন) কারণেই তিনি জ্ঞান হারিয়েছিলেন।
ক্লিনিক থেকেই ইনস্টাগ্রামে নিজের সুস্থতার খবর জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেন পারেদেস। ট্রফিতে চুমু খাওয়ার একটি ছবি পোস্ট করে ডি মারিয়ার সুরেই রসিকতা করে তিনি লেখেন, "সবাইকে বার্তার জন্য ধন্যবাদ। আসলে এত বেশি চক্কর দেওয়ার কারণেই মাথা ঘুরে গিয়েছিল।" পরে দলের সাথে কোনো সমস্যা ছাড়াই আর্জেন্টিনায় ফিরেছেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।