অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত বলিউড তারকা রানী মুখার্জি। এবার এবার সেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বড় স্বীকৃতি পেলেন এই সিনিয়র অভিনেত্রী। অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন রানী।
শুক্রবার (১৪ আগস্ট) মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের মঞ্চে অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হয় অনারারি ডক্টর অব লেটার্স ডিগ্রি। সম্মাননা গ্রহণের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি অভিনেত্রী। হাসিমুখে আনন্দাশ্রু মুছতে দেখা যায় তাকে।
এই সম্মান পাওয়ার পর রানী বলেন, লা ট্রোব ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট পাওয়া তার জীবনের অন্যতম গর্বের ও বিনয়ী মুহূর্ত। তার বিশ্বাস, সিনেমা মানুষের চিন্তাভাবনা বদলানোর আগে মানুষের হৃদয় স্পর্শ করে। তাই এই স্বীকৃতি তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।