মিরাজের কাছে ভুল স্বীকার করেছেন স্টার্ক

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে মাঠে মেহেদী হাসান মিরাজ ও মিচেল স্টার্কের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। তবে এক দিন পরই সেই ঘটনার ইতি টেনেছেন দুজন। আজ, তৃতীয় দিনের খেলা শেষে মিরাজ জানান, সকালে মাঠে নামার আগে তার সঙ্গে কথা বলে গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান পেসার।

ঘটনাটি গতকালের, টেস্টের দ্বিতীয় দিনের ১০৩তম ওভারে। স্টার্কের করা ওভারের পঞ্চম বলে পয়েন্টে বল ঠেলে রান নিতে গিয়ে পিচের মাঝের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ান মিরাজ। বিষয়টি আম্পায়ার কুমারা ধর্মসেনার নজরে এলে তিনি মিরাজকে সতর্ক করেন। মিরাজের ব্যাখ্যা ছিল, রান নেওয়ার সময় তিনি বলের দিকে তাকিয়ে থাকায় সামনে স্টার্ককে ঠিকমতো দেখতে পাননি। এ নিয়েই স্টার্কের সঙ্গে তার কিছুটা কথা-কাটাকাটি হয়। স্টার্ক মিরাজকে তার ফলো-থ্রুর জায়গা ছেড়ে দিতে বলেন। মিরাজও বোঝানোর চেষ্টা করেন, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না।

ঘটনার একপর্যায়ে স্টার্ককে মিরাজের উদ্দেশে বলতে শোনা যায়, 'তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?' মাঠের সেই উত্তপ্ত মুহূর্তে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় আম্পায়ার ধর্মসেনাকে। তবে আজ মিরাজ বলেন, ‘তেমনি কিছু হয়নি। আমি রান নেওয়ার সময় সে সামনে চলে এসেছিল। সে সময় আমি বলটাকে দেখতে পারিনি। মূলত পিচের মধ্যে থেকে রানটা নিয়েছিলাম। এমনটা হতেই পারে। আজ সকালেও আমার সঙ্গে তার কথা হয়েছে। গতকাল যে ঘটনাটা হয়েছে, সেটা নিয়ে সে বলেছে যে, 'এটা আমার ভুল হয়েছে। ঠিক আছে, কিছু মনে করো না।’ 

এদিকে ডারউইন টেস্টে এখনো চালকের আসনে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হলেও ২২৮ রানের লিড পায় সফরকারীরা। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে অজিরা। হাতে ৬ উইকেট থাকলেও এখনো ৬৭ রানে পিছিয়ে আছে তারা।

ম্যাচের এই অবস্থায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা কেমন? এই প্রশ্নের জবাবে মিরাক বলেন, ‘ভবিষ্যতের কথা তো আসলে আমরা বলতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে আগামীকাল প্রথম সেশনটা আমাদের করে নেওয়ার জন্য। এই সেশনটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা যদি উইকেট নিতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।’ 

মিরাজ ব্যাট হাতে গুরত্বপূর্ণ ৬৫ রানের ইনিংস খেলার পর বোলিংয়েও সফলতা পেয়েছেন। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে ৪৪ রানে আউট করেন তিনি। এটা নিজের ক্রিকেট ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে বলে দাবি করেন মিরাজ, ‘সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং একজন অসাধারণ খেলোয়াড়। তার উইকেট নিতে পারাটা আমার জন্য দারুণ একটি মুহূর্ত। আমি শুধু এটাই ভাবছিলাম যে, সে একজন অসাধারণ খেলোয়াড় এবং ভালো খেলছে, তাই কীভাবে তাকে আউট করা যায়।’