জামালপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে তিনজনকে ধাওয়া করে গণপিটুনিতে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ (৫০) গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন গাইবান্ধা বাটিকামারি এলাকার জাহাঙ্গীর (৪০) ও জামালপুরের দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের  রফিকুল (৩৫)।

পুলিশ জানায়, একটি ছোট নৌকাযোগে তিনজন যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের অপরাধী সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নিলে শেষ পযর্ন্ত উলিয়া এলাকায় তিনজনকে ধরে ফেলে স্থানীয় লোকজন। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। এসময় আরও দুজন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।