ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নারী আটক 

ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নারীকে আটক করেছেন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হলে শনিবার (১৫ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মধ্য কামাল্লা এলাকায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

আটকরা হলেন— বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) ও বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

বিজিবি জানায়, শুক্রবার রাতে কুমিল্লার ১০ বিজিবির আওতাধীন ফুলগাজীর নোয়াপুর বিওপি ও ভারতের ৬৯-পিরসিদ্দিনগর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস থেকে বাংলাদেশের প্রায় ৬০০ গজ অভ্যন্তরে মধ্য কামাল্লা এলাকায় ওই দুই নারী অবস্থান করছিলেন। এ সময় তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তী বিজিবি তাদের থানা পুলিশের হেফাজতে দেয়।

গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো. জাফর বলেন, রাতের দুজন নারী সিএনজি অটোরিকশাযোগে মধ্যম কামাল্লা এলাকায় আসেন। সেখানে তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলগাজী থানা পুলিশ ও নোয়াপুর বিওপিকে জানানো হয়।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, আটক দুই নারী ভারতের ত্রিপুরা থাকতেন।  বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। পরবর্তী তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।