আপত্তিকর ফোনালাপ ফাঁস, দাগনভূঞার ওসি প্রত্যাহার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এক যুবলীগ নেত্রীর সঙ্গে তার আপত্তিকর কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার(২৫ নভেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফোনালাপগুলোতে আপত্তিকর কথাবার্তা, অর্থ লেনদেন, মামলা ও হয়রানির অভিযোগ উঠে আসে। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম জানান, কল রেকর্ডের বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সময়ে তদন্ত করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও বিভিন্ন অভিযোগে একাধিকবার দায়িত্বস্থল থেকে প্রত্যাহার ও বদলির মুখে পড়েছিলেন ফয়জুল আজীম নোমান। ২০১৯ সালের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি থাকাকালে তার থাকার কক্ষ থেকে কয়েক শ পিস ইয়াবা উদ্ধারের ঘটনা আলোচনায় আসে। থানার বাবুর্চি জাহিদ ভূঁইয়া সেগুলো বাসায় নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে আটক করে। পরে ৩১০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

ওই ঘটনার পর ২০১৯ সালের ২৬ নভেম্বর তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলির আদেশ দেওয়া হয়। ৫ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল।

এর প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কক্সবাজার সদর মডেল থানায় যোগ দেন তিনি। তবে যোগদানের মাত্র ৫৮ দিনের মাথায় ১৭ নভেম্বর তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়। চট্টগ্রাম বিভাগের তৎকালীন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে সাংবাদিক বিদ্বেষ, ঘুষ ও মামলা বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়।

দীর্ঘ বিরতির পর ফেনীর দাগনভূঞা থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে আবারও বিতর্কে জড়ান তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে তার কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিও দুটির একটির দৈর্ঘ্য ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটির ৬ মিনিট ২০ সেকেন্ড। প্রথম অডিওতে ওই নারীকে নিজের বাংলোতে যাওয়ার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায় ওসিকে। কীভাবে আসতে হবে, কোথায় গাড়ি পরিবর্তন করতে হবে এবং ভাড়া কত লাগবে, তা-ও বুঝিয়ে দেন তিনি। ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের কথাও বলেন ওসি।

কথোপকথনের একপর্যায়ে ওসিকে বলতে শোনা যায়, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’

দ্বিতীয় অডিওতে দুই লাখ টাকা লেনদেন, মামলা, হুমকি এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ নিয়ে দুজনের মধ্যে কথা হয়। ওই নারী দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন। তুহিন নামের এক কথিত সাংবাদিক তাকে ও তার বোনকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় ওসি আবারও তার সঙ্গে দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন।

অডিও ছড়িয়ে পড়ার পর ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গ্রেপ্তারের পর থানা হাজতে শ্লীলতাহানি এবং আলিঙ্গনের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন তাসকিরা তানিন সনি। এসব ঘটনার বিচারও দাবি করেন তিনি।

তবে ফয়জুল আজীম নোমান কথোপকথন নিজের বলে স্বীকার করলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আসামি গ্রেপ্তারের কৌশল এবং অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই ওই নারীকে বাংলোতে আসতে বলেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি।

এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পরই ওসির সঙ্গে তার কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

এছাড়া এর আগেও আদালতের নির্দেশে দায়িত্ব থেকে প্রত্যাহারের মুখে পড়েছিলেন ফয়জুল আজীম নোমান। গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আদালতের ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তবে পরবর্তী সময় ওসিকে স্বপদে বহাল রাখা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত