আমি তো চুমুও খাইনি : 'টক্সিক’ বিতর্কে পাল্টা জবাব যশের

বলিউড সিনেমা 'টক্সিক'-এর ট্রেলার ও গানে থাকা যশ, কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে দর্শকদের মাঝে নানা কৌতূহল রয়েছে। এই নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েছেন তারকারা। এবার এই নিয়ে মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার যশ। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অশ্লীলতার বিরোধী। আমি তো কোনো চুমুর দৃশ্যও করিনি, আপনারা নিশ্চয়ই তা খেয়াল করেছেন।’ 

যশের মতে, সিনেমা হল নির্মাতার নিজস্ব কণ্ঠস্বর বা দৃষ্টিভঙ্গি। 'টক্সিক' সিনেমাটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আবেগগুলো গল্পের খাতিরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যশ জানান, এই ছবি মূলত তরুণ প্রজন্মের জন্যই তৈরি। গীতু মোহনদাসের পরিচালনায় ছবিতে যশের সঙ্গে শুধুমাত্র কিয়ারাই নন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী তারা সুতারিয়াকেও। তবে সবচেয়ে বেশি চর্চা চলেছে কিয়ারার সঙ্গে যশের ঘনিষ্ঠ মুহুর্ত নিয়ে। 

টক্সিক'-এর ট্রেলার মুক্তির পরই শুরু হয়েছে জোর বিতর্ক। ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কন্নড় অভিনেত্রী ঋষিকা সিং। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে তিনি যশকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ভিডিওতে ঋষিকা যশের একটি নগ্ন দৃশ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন,‘আপনার বাড়িতে স্ত্রী রয়েছেন, তবুও কেন আপনাকে পর্দায় নায়িকাদের সঙ্গে এমন ঘনিষ্ঠতায় লিপ্ত হতে হবে? আপনি কি শুধুই একটি বাঁদর হিসেবে নিজেকে প্রমাণ করতে চান?’ 

ঋষিকার মতে, একজন অভিনেতার উচিত নারীদের প্রতি যথাযথ সম্মান বজায় রাখা। শুধুমাত্র যশই নয়, এই ছবিতে কিয়ারা আডবানির মতো বলি অভিনেত্রী থাকা সত্ত্বেও তাঁদের কীভাবে পর্দায় উপস্থাপন করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ঋষিকা। সব মিলিয়ে 'টক্সিক' নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে।