নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত হওয়ায় নিষেধাজ্ঞা, পদক বাতিল

লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় ৪৬, এক্সওয়াই ডিএসডি ধরা পড়ায় সেনাবাহিনীর জান্নাত বেগম ও নৌবাহিনীর কবিতা রায়কে নারী অ্যাথলেটিকস প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছেএকই সঙ্গে দুজনের অর্জিত পদক ও রেকর্ড বাতিল এবং সংশ্লিষ্ট ইভেন্টে পরবর্তী অবস্থানে থাকা অ্যাথলেটদের মধ্যে পদক পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জান্নাত বেগম ও কবিতা রায়ের লিঙ্গ নির্ধারণ নিয়ে স্ব-স্ব সংস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ করা হয়। এর পর গত বছরের ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে।

বোর্ডের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলতি বছরের ১১ মে শেষ হয়। এরপর ১৬ মে ফেডারেশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, জান্নাতের বয়স ২৮ বছর এবং কবিতার ১৯ বছর। উভয়ের হরমোন ও শারীরিক পরীক্ষায় ৪৬, এক্সওয়াই ডিএসডি  শনাক্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুজনেরই পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস রয়েছে এবং উভয় গোনাড ইনগুইনাল ক্যানেলে অবস্থিত।
পরীক্ষায় জান্নাতের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা পাওয়া গেছে ১৯.৬৬ nmol/L। অন্যদিকে কবিতার ক্ষেত্রে এই মাত্রা ১৬.৫০ nmol/L। ফেডারেশনের প্রেস রিলিজে বলা হয়েছে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নির্ধারিত ২.৫ nmol/L সীমার তুলনায় এ মাত্রা যথাক্রমে প্রায় আট গুণ এবং সাড়ে ছয় গুণের বেশি।

ফেডারেশন জানিয়েছে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ডিএসডি বিধিমালা (সংস্করণ ৩.০), যা ৩১ মার্চ ২০২৩ থেকে কার্যকর, অনুযায়ী নারী বিভাগে অংশগ্রহণের জন্য নির্ধারিত টেস্টোস্টেরন সীমা পূরণ করতে হয়। জান্নাত ও কবিতা ওই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছে ফেডারেশন।

এই সিদ্ধান্তের ফলে জান্নাত বেগমের জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রোতে করা দুটি নতুন জাতীয় রেকর্ডসহ মোট ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে। কবিতা রায়ের ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার ইভেন্টে অর্জিত ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদকও বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া পদকগুলো সংশ্লিষ্ট ইভেন্টের তালিকায় পরবর্তী স্থানে থাকা অ্যাথলেটদের মধ্যে নিয়ম অনুযায়ী পুনর্বণ্টন বা ‘বডিলি শিফট’ করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন বলেছে, ক্রীড়াঙ্গনে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নিয়ম-নীতি অনুসরণ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।