ছাত্রদল নেতা তারিকের উদ্যোগ

ঢাবিতে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের ছিন্নমূল মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

শনিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়  ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিশু ও নারীসহ প্রায় ৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

কর্মসূচি সম্পর্কে তরিকুল ইসলাম তারিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে সমন্বয়ের রাজনীতির একটি নতুন ধারা প্রবর্তন করেছিলেন। বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নিয়ে বিএনপিকে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেন। তাঁর সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন, বিএনপির জন্য একটি প্রতিষ্ঠান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরণ লড়াকু যোদ্ধা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

তরিকুল ইসলাম তারিক আরও বলেন, প্রয়াত এই মহীয়সী নেত্রীর জন্মদিনে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতার চেতনাকে ধারণ করে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান ও রাকিব হোসেন, সদস্য সাব্বির হোসেন ও জুল হোসেন, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সদস্য তাহমিদ হুমায়ুন তানিম ও সিয়াম রহমান, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের সদস্য মাহফুজ ইকবাল, বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য

আয়াজুর রহমান ও শাফওয়ান মাহমুদ, জগন্নাথ হলের ছাত্রদল নেতা কানাই, রোকেয়া হলের ছাত্রনেত্রী রিয়া বিশ্বাস এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রনেত্রী সুরভী আক্তারসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।