মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত আব্দুল হক পূর্ব শংকরপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে। তিনি দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর আর বাড়ি ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনের সময় তাঁর ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।
নিহতের চাচাতো ভাই মাসুক উদ্দিন বলেন, শুক্রবার একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আব্দুল হক আর ফেরেননি। তাঁদের জানামতে, কারও সঙ্গে তাঁর বিরোধ বা শত্রুতা ছিল না। তিনি ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত করার দাবি জানান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, আব্দুল হকের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।