বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, জবিউল্লাহ আমান ও ডোনার

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে মনোনীত করেছে বিএনপি। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ। গতকাল শনিবার বিকেলে বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। নতুন চারজন যুক্ত হওয়ায় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়াল ১৮ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপি আশা প্রকাশ করে, চার নেতা তাদের মেধা, বিচক্ষণতা ও সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল এবং জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে বর্তমানে রয়েছেন ১৪ জন। এরা হলেন চেয়ারম্যান তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন। আর গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী করা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর সংসদীয় কার্যক্রমে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে ১২ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি দলটির চেয়ারম্যান তারেক রহমানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। সবশেষ নতুন চারজন স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সদস্য সংখ্যা দাঁড়াল ১৮ জনে।