অ্যাপলের নিজস্ব এআই সঙ্গী আলিবাবা

চীনা বাজারে এআইভিত্তিক সেবার পরিধি বাড়াতে স্থানীয় প্রযুক্তি জায়ান্ট আলিবাবার সহায়তায় নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি করেছে অ্যাপল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, চীনের জন্য তৈরি এ মডেলটি আলিবাবার সহায়তায় প্রশিক্ষিত হয়েছে।

এতদিন চীনে জেনারেটিভ এআই সুবিধা দিতে স্থানীয় অংশীদারদের প্রযুক্তির ওপর নির্ভর করছিল আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। কারণ চীনে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বা  অ্যানথ্রপিকের ক্লডের মতো মার্কিন এআই মডেল ব্যবহারের সুযোগ নেই। চীনা নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে আগামী মাসগুলোতে অ্যাপলের নিজস্ব এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ দেশটির ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে পারে। এতে চীনের বাজারে এআই অভিজ্ঞতার ওপর অ্যাপলের নিয়ন্ত্রণ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে অ্যাপল ও আলিবাবার অংশীদারত্বের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। এর আগে চীনের জন্য অ্যাপল ইন্টেলিজেন্সে আলিবাবার ‘কুইয়েন’ মডেল যুক্ত করার পরিকল্পনার কথাও জানা যায়। চীনের স্মার্টফোন বাজারে হুয়াওয়ের মতো স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের কাছে পিছিয়ে পড়ছে অ্যাপল। এআই ফিচারের ঘাটতিও বিক্রি কমার অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে চীনে ঘুরে দাঁড়াতে অ্যাপলের নতুন এআই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে নতুন মডেলটি বিদ্যমান থার্ড-পার্টি প্রযুক্তির সঙ্গে কীভাবে কাজ করবে, তা এখনো স্পষ্ট নয়।