কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার আহ্বান দ. কোরিয়ার

কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে উত্তর কোরিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন তিনি।

জাপানি ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার স্বাধীনতা লাভের বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দেওয়া এক ভাষণে লি জে মিউং এ কথা বলেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, দুই কোরিয়ার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় আলোচনার বিকল্প নেই। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির জন্য উত্তর কোরিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন।

১৯৫৩ সালের ২৭ জুলাই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরীয় যুদ্ধের সক্রিয় সংঘাত বন্ধ হয়। তবে দুই পক্ষের মধ্যে কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। ফলে আইনগতভাবে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এখনো হয়নি।

লি জে মিউং বলেন, আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা সীমিত করার কার্যকর পদক্ষেপও খতিয়ে দেখা যেতে পারে। উত্তেজনা কমাতে এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে সিউল আগাম ও ধারাবাহিক পদক্ষেপ নেবে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এ অবস্থান গত বছর দেওয়া তার প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা। সে সময় তিনি উত্তর কোরিয়ার রাজনৈতিক ও শাসনব্যবস্থাকে সম্মান জানিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার কথা বলেছিলেন।

তবে দুই কোরিয়ার সম্পর্ক বর্তমানে অচলাবস্থায় রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুই কোরিয়াকে এক করার দীর্ঘদিনের নীতি থেকে সরে এসেছেন। তিনি দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।