ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ

চলতি বছরের প্রথম ছয় মাসে মুনাফা, আমানত, ঋণ ও পরিচালন দক্ষতায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি করেছে ব্র্যাক ব্যাংক। ২০২৬ সালের জুন শেষে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধে এ মুনাফা ছিল ৯০৬ কোটি টাকা।

ব্যাংকটির মিডিয়া বিভাগ থেকে গতকাল শনিবার এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলচ্য সময়ে এককভাবে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা ৬৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩ কোটি টাকা হয়েছে। গত বছরের প্রথম ছয় মাসে এ মুনাফা ছিল ৬২০ কোটি টাকা।

তথ্য অনুযায়ী, জুন শেষে আগের বছরের একই সময়ের তুলনায় আমানত বেড়েছে ২৫ শতাংশ এবং ঋণ ও অগ্রিম বেড়েছে ১৮ শতাংশ। ৩০ জুন ব্যাংকের আমানত ৯৭ হাজার কোটি টাকা এবং ঋণ ও অগ্রিম ৭৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ফলে ব্যবস্থাপনাধীন মোট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার বেশি।

পরিচালন দক্ষতাতেও উন্নতি করেছে ব্যাংকটি। ২০২৫ সালের প্রথমার্ধে ৪৮ শতাংশ থাকা কস্ট-টু-ইনকাম রেশিও চলতি বছরের প্রথমার্ধে কমে ৪২ শতাংশে নেমেছে। একই সময়ে খেলাপি ঋণের হার ২ দশমিক ২৭ শতাংশ থেকে কমে ২ দশমিক শূণ্য ৩ শতাংশ হয়েছে।