সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শনিবার রিহ্যাব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন আবাসন ব্যবসায়ীরা।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি কতটা গভীর ভালোবাসা ও আবেগ ছিল। এত বিপুল মানুষের উপস্থিতি শুধু একটি রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা নয়, বরং তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও মানুষের সঙ্গে তার সম্পর্কেরও একটি বড় প্রতিফলন।
রিহ্যাব পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁক ও সংকটের সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গভীরভাবে জড়িয়ে রয়েছে। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।
দোয়া পরিচালনা করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এএফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান মিসেস তাসনোভা মাহবুব সালাম, আলহাজ মো. গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, প্রকৌশলী মো. মোস্তফা কামাল, এজেডএম কামরুদ্দিন, আলহাজ প্রফেসর ফারুক আহমদ, সুরুজ সরদার, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, মিসেস উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মুহাম্মদ লাবিব বিল্লাহ্, শেখ কামাল প্রমুখ।