রাজশাহীতে কৃষি সচিব

সারের অনিয়ম-দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’

সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের সারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান। কৃষি সচিব বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজশাহী বিভাগেও বর্তমানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হলে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার পাশাপাশি সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে

কৃষকদের দুর্ভোগে ফেলতে চাইলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।