মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বললেন

গুম খুনের শিকার পরিবারের জন্য অধিদপ্তর হবে

গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর জন্য একটি অধিদপ্তর এবং তাদের  গেজেটভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আজম খান বলেন, ‘নির্যাতিতদের পরিবারগুলোর জন্য সরকার কিছু করতে চায়। এ-সংক্রান্ত নতুন করে একটি অধিদপ্তর করা হবে এবং তাদের গেজেটভুক্ত করে স্বীকৃতি  দেওয়া হবে।’ তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যারা গ্যাজেটভুক্ত হওয়ার কথা, অন্তর্বর্তী সরকারের সময় তড়িঘড়ি করে সেটি বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা বঞ্চিতদের  মূল্যায়ন করতে সেটি আবার চালু করেছি। মুক্তিযোদ্ধার তালিকা থেকে বিএনপির অনেক লোককে বাদ দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী শক্তি যাদের বঞ্চিত করেছে, আমরা তাদের মূল্যায়ন করব।’