সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার 

সুন্দরবনের কয়রা উপজেলার আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শনিবার (১৫ আগস্ট) এমভি আলফাডাঙ্গা প্রাইড নামে একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে। পরে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থান করছিল।

দুপুর ১২টার দিকে জাহাজটির আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত এক ক্রু নদীতে পড়ে যান। এ সময় নিয়মিত টহলে থাকা কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল ঘটনাটি দেখতে পায়।

পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ওই ক্রুকে জীবিত উদ্ধার করে নিরাপদে জাহাজে পৌঁছে দেয় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।