সীমান্তে উত্তর কোরিয়ার সেনা, দক্ষিণের সতর্কতামূলক গুলি

উত্তর কোরিয়ার সেনারা সামরিক সীমারেখা (এমডিএল) অতিক্রম করায় গত সপ্তাহে তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এতে উত্তর কোরিয়ার সেনারা সীমারেখা থেকে ফিরে যায়। রবিবার (১৬ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

ইয়োনহাপ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় অসামরিকীকৃত অঞ্চল বা ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) একাধিক উত্তর কোরীয় সেনা সামরিক সীমারেখা (এমডিএল) অতিক্রম করে। চলতি বছরে উত্তর কোরিয়ার সেনাদের সীমারেখা লঙ্ঘনের এটিই প্রথম ঘটনা বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, ওই সেনারা ওই এলাকায় টহল দেওয়ার সময় ভুল করে এমডিএল অতিক্রম করে ফেলেছিলেন। তারা ফিরে যাওয়ার পর আর কোনো অস্বাভাবিক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইয়োনহাপ।

এ বিষয়ে মন্তব্য জানতে সিঙ্গাপুরে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর উত্তর কোরিয়ার সেনারা ১৭ বার সামরিক সীমারেখা লঙ্ঘন করেছিল। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তির মাধ্যমে নয়, বরং যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হওয়ায় দক্ষিণ ও উত্তর কোরিয়া এখনো কারিগরিভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।