বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের পুকুর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা পরিষদের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এরপর জেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তর বান্দরবানের আহ্বায়ক খামলাই ম্রোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ বৈরাগী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নাঈম মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুর রহমান, জেলা পরিষদের বিভিন্ন সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মৎস্যচাষিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাহাড়ি এলাকায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষ আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে মৎস্যচাষিদের উন্নয়নে আগামীতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় বান্দরবান জেলার পাঁচজন মৎস্যচাষিকে সম্মাননা প্রদান করা হয়।