চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থী পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে বাকি দশ আইনজীবীকে কারাগারে পাঠান।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ১৫ আইনজীবীকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিকেলে গ্রেপ্তারদের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করে বাকি দশ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরের মনসুরাবাদ ওয়াপদা কলোনি ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোপর্দ করে পুলিশ।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রায়হানুল ওয়াজেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন মঞ্জুর হওয়া পাঁচ নারী আইনজীবী হলেন কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক কামেলা খানম রূপা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সুজলা অন্তরা, অ্যাডভোকেট উম্মে হাবিবা ও আয়েশা হেভেন।
কারাপ্রাপ্ত দশ আইনজীবী হলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর ও মোহাম্মদ জাকির হোসেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ সদস্য সেখানে আলোচনা করার জন্য জড়ো হয়েছেন। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।