জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং জাপানি’স ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (JUAAB)-এর যৌথ উদ্যোগে “Unlock Your Global Future: Research & Study in Japan” শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অবহিত করতে রবিবার (১৬ আগস্ট) ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, JUAAB-এর প্রেসিডেন্ট ড. এ টি এম জাফরুল আজম। সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান।

বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সংযোগ এগিয়ে নেয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন। 

সেমিনারের কারিগরি পর্বে জাপান থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। বক্তাদের মধ্যে ছিলেন প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা, ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের পরিচালক অধ্যাপক হিরোকি হামাদাসহ জাপানের ৬ জন বিশিষ্ট শিক্ষাবিদ। বক্তারা জাপানে বর্তমান গবেষণার ধারা, ইংরেজি মাধ্যমে পরিচালিত বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, জাপানি ভাষা শেখার প্রস্তুতি, উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজার খুঁজে বের করা ও তাদের সঙ্গে যোগাযোগের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির প্রস্তুতি, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন এবং জাপানের একাডেমিক ও করপোরেট ক্ষেত্রে সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কেও তারা ধারনা দেন। শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও শিক্ষকরা জাপান থেকে আগত শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।