ফেনীতে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, আহত ২

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে বাস দুর্ঘটনায় ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার সুরাইয়া দাগনভূঞা উপজেলার চানপুর গ্রামের মোহাম্মদ হানিফের মেয়ে এবং সিলোনিয়া হাই স্কুলের শিক্ষার্থী। দুর্ঘটনায় গুরুতর আহতরা হলো—রাইসা আক্তার, তার বাবা মাইনুদ্দিন এবং নুসরাত জাহান, তার বাবা নূরনবী। তারা দুজনই দাগনভূঞার উত্তর আলমপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সিলোনিয়া বাজারস্থ আঞ্চলিক মহাসড়কে  হ্যাপি ট্রাসপোর্টের  একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলোনিয়া হাই স্কুলের শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ফাতেমা আক্তার সুরাইয়া নিহত হয়। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই কবির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে সিলোনিয়া হাই স্কুল মাঠে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে প্রভাব পড়লেও বর্তমানে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।