খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ১২ সেপ্টেম্বর

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার (১৬ আগস্ট) নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০ আগস্ট ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ, ২৩ আগস্ট শুনানি এবং ২৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ৩০ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৪ সেপ্টেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের চারটি সহসভাপতি, একটি সাধারণ সম্পাদক, একটি অতিরিক্ত সাধারণ সম্পাদক, দুটি যুগ্ম সম্পাদক, একটি কোষাধ্যক্ষ ও ১৩টি নির্বাহী সদস্য পদে নির্বাচন হবে।

এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকদের জন্য সংরক্ষিত দুটি এবং মহিলা সংরক্ষিত দুটি নির্বাহী সদস্য পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।