রাষ্ট্রপতি নির্বাচন

দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই দুজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে গত ১৩ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। রাষ্ট্রপতি পদে নির্বাচন ঘিরে এরই মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গে সংসদে বিরোধী দল জামায়াত দাবি করে, ‘৭০ অনুচ্ছেদ সংস্কার হলে সংসদ সদস্যরা নিজের মতামত প্রকাশ করতে পারতেন।’ সরকারি দল বিএনপি দাবি করে, বর্তমানে বলবৎ থাকা প্রচলিত সংবিধান অনুসারেই তাদের রাজনৈতিক পথ চলতে হবে এবং যেকোনো আইনি বাধা অতিক্রম করতে হলে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই তা সমাধান করতে হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। ওই দিন মনোনয়ন প্রত্যাহার না হলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। জামায়াত নেতা, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন বলেছেন, ‘১১ দলীয় ঐক্যের প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। ৩০-৩৫ বছর পরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আশা করি। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে সংসদ সদস্যরা নিজের মতামত প্রকাশ করতে পারতেন।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জামায়াতে ইসলামীর দাবির পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংবিধান পরিবর্তনের বিষয়টি রাজপথে আলোচনার বিষয় নয়, বরং এটি পরবর্তী সংসদ জাতীয় স্বার্থে বিবেচনা করবে। বর্তমানে বলবৎ থাকা প্রচলিত সংবিধান অনুসারেই তাদের রাজনৈতিক পথ চলতে হবে এবং যেকোনো আইনি বাধা অতিক্রম করতে হলে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই তা সমাধান করতে হবে।