‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড’ পেলেন ভোলার সোহান

পড়াশোনার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃতি সন্তান মো. সোহান সোহাগ মিয়া। মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের উদ্যোগে জেলা পর্যায়ে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

​শনিবার (১৫ আগস্ট) রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মার্সাসহ মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কলাকৌশলীরা।

ভোলা সরকারি কলেজের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সোহান সোহাগ এর আগে নিজের মেধা ও সমাজসেবামূলক কাজের স্বীকৃতি কুড়িয়েছেন। ২০১৮-১৯ সালে জেলা ও উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে তৎকালীন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরে আলম সিদ্দিকির হাত থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।

​শিক্ষাজীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনে নেতৃত্বের ভূমিকায় সক্রিয় ছিলেন সোহাগ। তিনি ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট ও ভোলা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ‘বলাকা ব্লাড ডোনেশন সংগঠন’-এর ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি, জেলা প্রথম আলো বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক এবং কিছুদিন সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন।

সোহান সোহাগ বলেন, শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনা দিয়ে প্রকৃত মেধাবী হওয়া যায় না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সমাজসেবা ও মানবতার কাজে আত্মনিয়োগ করতে হবে। তরুণ সমাজকে অতিরিক্ত মোবাইল আসক্তি ত্যাগ করে দেশের কল্যাণে ও মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানাই।