ইউক্রেনে ভারতীয় ধনকুবেরের কারখানায় রুশ হামলা

ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তালের আর্সেলর মিত্তাল কোম্পানির ক্রিভি রিহ-ভিত্তিক খনি ও ধাতব শিল্প কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটি ইউক্রেনের সবচেয়ে বড় সমন্বিত ইস্পাত উৎপাদনকেন্দ্র। ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে চালানো এই হামলায় দুজন নিহত ও ১৪ জন শ্রমিক আহত হয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও ব্লাস্ট ফার্নেসের গুরুত্বপূর্ণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় কারখানাটির উৎপাদন আংশিকভাবে বন্ধ হয়ে যায়। সোমবার (১৭ আগস্ট) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এর আগে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন স্থানে শত শত ড্রোন হামলা চালিয়ে অন্তত ছয়জনকে হত্যা করে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ড্রোন হামলা বলে বর্ণনা করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশজুড়ে ৮২২টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

ভোরোবিয়ভ জানান, মস্কো অঞ্চলে একটি ব্যক্তিগত বাড়িতে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। একই সময়ে আরেকটি ইউক্রেনীয় হামলায় পোদলস্ক শহরে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন ধরে যায়। প্রতিষ্ঠানটি দেশটির সবচেয়ে ধনী নারী ধনকুবের তাতিয়ানা কিমের নিয়ন্ত্রণাধীন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে প্রায় ৬০০টি ড্রোন আসতে দেখা যায়। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মস্কো অঞ্চলেই ধ্বংস করা হয়।

এ ছাড়া রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের তিনটি শহরে ড্রোন হামলা চালানো হয়। স্থানীয় গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, ১৫০টির বেশি ড্রোন নিয়ে চালানো ওই হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এতে কয়েকটি বাড়ি ও একটি রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি বনাঞ্চলে আগুন ধরে যায়।

চলতি বছর রাশিয়ায় হামলা আরও জোরদার করেছে ইউক্রেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে দেশটির সামরিক শিল্প ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এ ছাড়া লজিস্টিকস জায়ান্ট ওয়াইল্ডবেরিজের বিভিন্ন গুদামেও হামলা বাড়িয়েছে ইউক্রেন। এসব হামলায় কয়েক বিলিয়ন ডলারের পণ্য পুড়ে গেছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের প্রায় সাড়ে চার বছর পর এসব হামলার কারণে যুদ্ধের প্রভাব এখন রুশ জনগণের জীবনেও সরাসরি পড়ছে।