ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক শীর্ষ কমান্ডার সতর্ক করে বলেছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সামরিক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরক্ষামূলক থাকলেও প্রয়োজন হলে দেশটির সশস্ত্র বাহিনী আক্রমণাত্মক অবস্থান নিতে পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 'নতুন চমক'-এর জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছেন তিনি। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (১৬ আগস্ট) আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বলেন, 'প্রতিপক্ষই এই সংঘাত শুরু করেছে। এখন পর্যন্ত ইরানের সব প্রতিক্রিয়াই ছিল সম্পূর্ণ প্রতিরক্ষামূলক।'
তবে তিনি সতর্ক করে বলেন, এই প্রতিরক্ষামূলক অবস্থানের পরিবর্তন ঘটতে যাচ্ছে, যা ইরানের সামরিক কৌশল ও নীতিতে গুরুত্বপূর্ণ ও পরিবর্তনমূলক মোড়ের ইঙ্গিত দিচ্ছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তবে ইরানের প্রতিরোধ এবং সফল পাল্টা সামরিক অভিযানের মুখে ৪০ দিন পর শত্রুপক্ষকে যুদ্ধবিরতি মেনে নিতে হয় বলে দাবি করেন জাভানি।
শীর্ষ এই জেনারেল বলেন, 'প্রতিপক্ষকে অবশ্যই জানতে হবে, তারা আমাদের অপ্রস্তুত অবস্থায় ধরতে পারবে না। বরং চমকের জন্য প্রতিপক্ষকেই প্রস্তুত থাকতে হবে।'